ভারতের অযোধ্যার রাম মন্দির ট্রাস্টে ৪ কোটি রুপির (বাংলাদেশি টাকায় যা ৫ কোটি ১৯ লাখ) একটি চেক দিয়ে চাঞ্চল্য তৈরি করেছেন চেন্নাইয়ের এক নারী ভক্ত। কিন্তু মন্দির কর্তৃপক্ষ ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতেই দেখা যায়, এত টাকার চেকে সই করা সেই অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৩ রুপি (বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ টাকা)!
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে দেওয়া এই মোটা অঙ্কের চেকটি পর্যালোচনার পর পর্যাপ্ত তহবিল না থাকায় স্বাভাবিকভাবেই এটি বাউন্স করে। ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও এত টাকার চেক দেওয়ার কারণ জানতে চেয়ে ওই নারীকে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
জানা গেছে, ওই নারী ট্রাস্টের কাছে শর্ত দিয়েছিলেন- তার ৪ কোটি রুপির যেন শুধুমাত্র মন্দিরের কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার কাজে ব্যবহার করা হয় এবং এর একটি লিখিত নিশ্চয়তা দিতে হবে। তবে ট্রাস্ট এমন কোনো লিখিত প্রতিশ্রুতি না দিয়ে বিষয়টি নিয়ে ওই নারীর সাথে সরাসরি কথা বলে সমাধানের চেষ্টা করছে। উল্লেখ্য, এই ৪ কোটি রুপির পাশাপাশি তিনি আলাদাভাবে ১০ হাজার রুপি দান করেছিলেন।
অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের তহবিল সংগ্রহের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালের ‘নিধি সমর্পণ অভিযান’-এ প্রায় ৩,৫০০ কোটি রুপি সংগৃহীত হলেও কারিগরি কারণে প্রায় ১০০ কোটি রুপির চেক বাউন্স করেছিল, যার মধ্যে ২২ কোটি রুপি এখনও বকেয়া রয়েছে। বর্তমানে প্রতি মাসে নগদ, অনলাইন ও চেকে গড়ে ৩ থেকে ৪ কোটি রুপি অনুদান পায় এই মন্দির। তবে অতি সম্প্রতি ৪ কোটি রুপির চেক বাউন্সের এই ঘটনায় ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: ইন্ডিয়া টুডে
নেপালে প্রলয়ংকরী বন্যায়ও সবুজ বাড়িটি অক্ষত থাকার প্রকৌশলগত কারণ কী?
লেক 'অন্টারিও' বদলে ‘লেক আমেরিকা’ করলো গুগল