কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেদেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ বলে মন্তব্য করেন। তিনি একই সঙ্গে দাবি করেন, গাজা যুদ্ধের সময় কাতার ইসরায়েলের নীতিনির্ধারণে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগবিষয়ক পরিচালক ইব্রাহিম আল-হাশমি এই মন্তব্যকে কাতারের বিরুদ্ধে একটি ‘অপপ্রচার অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছেন।

দোহায় সাংবাদিকদের আল-হাশমি বলেন, কাতার একটি ‘বিশ্বস্ত ও নীতিনিষ্ঠ আন্তর্জাতিক অংশীদার’। গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কাতারের মধ্যস্থতা ও মানবিক সহায়তার ভূমিকা বিশ্ববাসীর কাছে সুপরিচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা কাতারের মধ্যস্থতামূলক ভূমিকা সম্পর্কে ভালোভাবেই অবগত। একই সঙ্গে কাতার এমন বক্তব্যে বিচলিত হবে না বলেও জানান তিনি।

আল-হাশমির ভাষায়, গাজায় যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েল যখন নিজেকে মধ্যপ্রাচ্যের ‘প্রাণবন্ত গণতন্ত্র’ এবং বিশ্বের ‘সবচেয়ে নৈতিক সেনাবাহিনী’ হিসেবে তুলে ধরার দাবি ধরে রাখতে পারছে না, তখন কাতারের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে।

কাতার দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি, জিম্মি ও বন্দিবিনিময় এবং মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে দোহা যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে সমন্বয় করে আলোচনা চালিয়ে এসেছে। কাতার নিজেও সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক সমাধান ও মধ্যস্থতার ওপর জোর দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে।

নেতানিয়াহুর সর্বশেষ মন্তব্যের পেছনে কাতারের গাজা-সংক্রান্ত ভূমিকা এবং অতীতে হামাসের সঙ্গে আলোচনায় দোহার মধ্যস্থতাকে ঘিরে ইসরায়েলি বিতর্কও রয়েছে। ২০২৫ সালে দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে কাতার বলছে, হামাসের রাজনৈতিক কার্যালয় দোহায় থাকা মূলত মধ্যস্থতার অংশ এবং এ কার্যক্রম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর জ্ঞাতসারেই পরিচালিত হয়েছে। দোহা নিজেকে একটি নিরপেক্ষ ও বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছে।

নেতানিয়াহুর ‘শত্রু রাষ্ট্র’ মন্তব্য এবং কাতারের পাল্টা প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো, যখন গাজা যুদ্ধ, ইসরায়েলের আঞ্চলিক সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেএম
আরও পড়ুন