সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট সামগ্রী সংরক্ষণের একটি অস্থায়ী ভাণ্ডারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সারমাদা শহরের কাছে বুর্জ আল-নিমরা এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং ঘণ্টার পর ঘণ্টা আকাশে ঘন ধোঁয়া দেখা যায়। দ্বিতীয় দফার বিস্ফোরণের কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমও ব্যাহত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কথাও জানিয়েছেন সেখানে থাকা এপি’র এক আলোকচিত্রী।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নির্দিষ্ট কারণও জানায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া ভাণ্ডারটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করা হতো। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর দেশটিতে এ ধরনের অব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
সিরিয়ায় যুদ্ধ শেষ হওয়ার পরও পুরোনো অস্ত্র ও গোলাবারুদ থেকে দুর্ঘটনার ঘটনা ঘটছে। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিনিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
বুধবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
সূত্র: আলজাজিরা
ইরান যুদ্ধে ৬৬ বার বিজয় দাবি করেছেন ট্রাম্প: আজিজি
ট্রাম্পের ঘনিষ্ঠ চার সহযোগী পেলেন বড় অঙ্কের উপহার