সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে সমর্থনের অভিযোগে জাতিসংঘে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে ভারত। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়ে ভারত বলেছে, বিশ্বের শীর্ষ সন্ত্রাসীরা কোনো "নিয়ন্ত্রণহীন প্রত্যন্ত অঞ্চলে" নয়, বরং বেসামরিক জনবসতির প্রাণকেন্দ্রেই আশ্রয় পেয়েছিলো।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারত জানায়, ৯/১১ হামলার পেছনে থাকা আল-কায়েদার শীর্ষ নেতা ও পরিকল্পনাকারীরা—যেমন ওসামা বিন লাদেন, খালিদ শেখ মোহাম্মদ, রামজি বিন আল-শিভ, ওয়ালিদ বিন আত্তাশ এবং মোস্তফা আহমেদ আল-হাউসাভি—কোনো প্রত্যন্ত পাহাড়ে নয়, বরং পাকিস্তানের শহরাঞ্চলেই আরামে অবস্থান করছিলেন।
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিষ পারভাথানেনি বলেন, ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ও অর্থদাতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালের মে মাসে মার্কিন বিশেষ অভিযান ‘অপারেশন নেপচুন স্পিয়ার’-এর মাধ্যমে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত শহর এলাকা থেকেই খুঁজে বের করে হত্যা করা হয়েছিল।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একই ধরনের সহায়ক পরিবেশের সুযোগ নিয়ে লস্কর-ই-তৈয়বা ও জৈশ-ই-মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনগুলো এখনো পাকিস্তানের মাটিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পারভাথানেনি উল্লেখ করেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো বারবার নিজেদের নতুন পরিচয় বা নাম ধারণ করে জাতিসংঘের অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে।
জাতিসংঘে ভারতের এই প্রতিনিধি আরও বলেন, সন্ত্রাসবাদের এই বিশ্বব্যাপী হুমকি চিরতরে নির্মূল করতে হলে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেন বিশ্বের কোথাও সন্ত্রাসীদের এমন নিরাপদ আশ্রয়স্থল তৈরি হতে না পারে।
সূত্র: এনডিটিভি
আশ্চর্যরকম শান্ত আটলান্টিক, বড় বিপর্যয়ের ইঙ্গিত?
সরকারি তথ্য ব্যবস্থায় ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক