ইরান-মার্কিন সংঘাত থামাতে মধ্যস্থতায় নামছে চীন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় কাতার ও পাকিস্তানের পাশাপাশি এবার অন্যতম নতুন বড় মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হতে পারে চীন। সাবেক রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট এবং হোয়াইট হাউস ও জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা মার্ক ফাইফেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

ফাইফেল জানান, আগামী সপ্তাহের আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রগতির জন্য বেইজিংয়ের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাম টানতে চীনের সহায়তা চেয়েছে সৌদি আরব। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের বিষয়টিও এখানে বড় ভূমিকা রাখবে।

তিনি উল্লেখ করেন, হুথিরা ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রে কোনো আক্রমণ চালাবে না বলে ইতিপূর্বে যে অঙ্গীকার করেছিল, তার ফলে লোহিত সাগর এবং হরমুজ প্রণালি এই দুটি নৌপথে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের সুযোগ আপাতত ইরানের হাত থেকে কিছুটা হলেও কমে গেছে।

ফাইফেল বলেন, এবারই প্রথম দেখা যাচ্ছে যে সৌদি আরব সরাসরি চীনের হস্তক্ষেপ চেয়েছে, যাতে তারা ইরানকে বুঝিয়ে হুথিদের নিবৃত্ত রাখতে সাহায্য করে। অর্থাৎ বিশ্ব রাজনীতিতে এই প্রথমবারের মতো চীনকে সরাসরি প্রভাব বিস্তারের ভূমিকায় দেখা যাচ্ছে।

সাবেক এই মার্কিন কর্মকর্তা আরও ইঙ্গিত দেন, নিউ ইয়র্কে চলতি সপ্তাহের জাতিসংঘ শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিং নিজেদের মধ্যে এবং উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। সেখান থেকে যৌথভাবে ইরানের ওপর অতিরিক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা হলে তেহরানকে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে আনা সম্ভব হতে পারে।

সূত্র: আল-জাজিরা

এএম
আরও পড়ুন