ইরান পরমাণু অস্ত্র ছাড়তে অস্বীকার করলে ‘কঠিন পথের’ মুখোমুখি হতে হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ এএম

ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে না এলে দেশটির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রয়োজনীয় সব বিকল্প’ খোলা রাখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি সতর্ক করে বলেছেন, অন্যথায় ইরানকে ‘কঠিন পথের’ মুখোমুখি হতে হতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেগসেথ বলেন, “ইরান কখনোই, কোনোভাবেই পরমাণু অস্ত্র পাবে না।” ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ বলেও মন্তব্য করেন তিনি।

হেগসেথ জানান, ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ পরিসরের সামরিক বিকল্প হাতে রাখেন, তা নিশ্চিত করতে পেন্টাগন কাজ করছে। তবে সান দিয়েগো থেকে গত সপ্তাহে যাত্রা করা ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী বহরকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্টের হাতে বিভিন্ন বিকল্প থাকবে এবং তার দায়িত্ব হলো ট্রাম্পের ‘সিদ্ধান্ত নেওয়ার পরিসর’ সর্বোচ্চ পর্যায়ে রাখা।

হেগসেথ আরও দাবি করেন, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে ইরান। তবে দেশটির প্রতিরক্ষা শিল্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এই পুনর্গঠন ধীর ও কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি নিয়েও বড় ধরনের দাবি করেছেন হেগসেথ। তার ভাষ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে নয়, যুক্তরাষ্ট্রের হাতে। তিনি মার্কিন অবরোধকে ‘লোহার মতো কঠোর’ বা ‘অটুট’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, জলপথটিতে জাহাজ চলাচল এখন যুদ্ধ-পূর্ব সময়ের মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে।

হেগসেথের এসব বক্তব্য থেকে স্পষ্ট, ইরানের পরমাণু কর্মসূচি, সামরিক সক্ষমতা এবং হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা এখনো অত্যন্ত তীব্র।

এমইউ
আরও পড়ুন