ইরান-রাশিয়া সম্পর্ক জোরদারে পেজেশকিয়ান-পুতিনের অঙ্গীকার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

ইরান ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (০৭ অক্টোবর) এক টেলিফোন আলাপে দুই নেতা তেহরান ও মস্কোর মধ্যে দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।

ফোনালাপে পেজেশকিয়ান পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে রাশিয়ার সরকার ও জনগণের সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্কের ইতিবাচক ও ক্রমবর্ধমান ধারার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা ও আরও শক্তিশালী করা প্রয়োজন। এই সহযোগিতার ধারাবাহিকতা দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করবে বলেও উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ানের শুভেচ্ছা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন ইরানের সরকার ও জনগণের শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তির কাঠামোর মধ্যে তেহরান ও মস্কোর সহযোগিতা অব্যাহত রয়েছে। আঞ্চলিক বিভিন্ন ঘটনা ও চলমান পরিস্থিতির মধ্যেও দুই দেশের এই সহযোগিতার ধারায় কোনো ছেদ পড়েনি বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের জনগণ শত্রুর আগ্রাসনের মুখে ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ দৃঢ়তা দেখিয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের এই সাহসিকতা বিশ্বের অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করেছে।

পুতিন আরও বলেন, উত্তেজনা কমাতে এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে কয়েকটি দেশ মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। রাশিয়া এসব কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে। একই সঙ্গে মস্কোও উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

তেহরান ও মস্কোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান।

ফোনালাপের শেষে পেজেশকিয়ান ও পুতিন দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখা এবং আরও জোরদার করার ওপর আবারও গুরুত্বারোপ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত