ইমাম মাহদীর দ্রুত আগমন কেন চাইছেন মোজতবা খামেনি?

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটির পুলিশ বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শুক্রবার (৯ অক্টোবর) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই নিশ্চিত করা হয়েছে।

খামেনি তার বার্তায় জানান, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা, যা ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত বজায় রাখতে পুলিশ বাহিনী মূল ভিত্তি হিসেবে কাজ করছে। 

তিনি আশা প্রকাশ করেন, আমাদের অভিভাবক ‘ইমাম মাহদীর’ (আল্লাহ তার পবিত্র পুনরাগমন ত্বরান্বিত করুন) দোয়ার বরকতে ইসলামিক ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধির কাজে পুলিশ সদস্যরা উত্তরোত্তর সাফল্য লাভ করবেন।

ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকা উল্লেখ করে খামেনি বলেন, অপরাধী মার্কিন-জিয়নবাদী শত্রু এই বাহিনীর সর্বোচ্চ কমান্ড থেকে শুরু করে একদম সামনের সারির কর্মীদের ওপর ক্রমাগত আঘাত হানার চেষ্টা চালিয়েছে। তবে শত্রুভাবাপন্ন হামলা সত্ত্বেও পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন থেকে সামান্যতম বিচ্যুত হননি।

বার্তায় আরও বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানবসম্পদসহ হার্ডওয়্যার ও সফটওয়্যারের সার্বিক উন্নয়নের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পরিশেষে তিনি পুলিশ বাহিনীর সাহসী প্রধান কমান্ডারসহ সকল সদস্যের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ওয়াইএ
আরও পড়ুন