যুদ্ধকালীন অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি প্রধানের বৈঠক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

যুদ্ধকালীন পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠক করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী পদে প্রস্তাবিত প্রার্থী মেহরদাদ আখলাঘি ও আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি।

বুধবার (১৪ অক্টোবর) আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে যুদ্ধকালীন সময়ে অস্ত্র উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিল্প খাত ও আইআরজিসির মধ্যে সমন্বয় সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় আহমদ ওয়াহিদি ইরানের প্রতিরক্ষা চাহিদা পূরণে দেশের নিজস্ব সক্ষমতার ওপর জোর দেন। সামরিক প্রস্তুতি বজায় রাখতেও দেশীয় উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতার ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

অন্যদিকে, মেহরদাদ আখলাঘি সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানান। পাশাপাশি অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকের বিস্তারিত কর্মপরিকল্পনা বা নির্দিষ্ট কোনো অস্ত্র উৎপাদনের লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: ফার্স নিউজ

এমইউ
আরও পড়ুন