ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা ধরে রাখার লড়াই ক্রমেই জটিল হয়ে উঠছে। গাজায় যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক অভিযান এবং দেশের ভেতরে নাগরিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের উত্তেজনা উসকে দেওয়ার চেষ্টা করছেন তিনি—এমন অভিযোগ তুলেছেন বিরোধী রাজনীতিক ও বিশ্লেষকদের কেউ কেউ।
আলজাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিতে ইসরায়েলি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বিরোধীদের সংযমের আহ্বানের মধ্যেই এমন প্রস্তুতির খবর সামনে এসেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিদিন ফোন করে ইরানে নতুন করে হামলা চালানোর পক্ষে চাপ দিচ্ছেন নেতানিয়াহু—এমন তথ্যও প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সেনাপ্রধান আইয়াল জামিরের সঙ্গে নেতানিয়াহুর একাধিক মতবিরোধের কথাও উঠে এসেছে। জামির সম্ভাব্য সামরিক অভিযানের বিরোধিতা করেছেন এবং এতে বৃহত্তর আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলে খবর রয়েছে।
ইসরায়েলের বিরোধী নেতা গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
নেতানিয়াহু চাইছেন, তাঁর লিকুদ পার্টিকে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হোক। অন্যদিকে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের পথও তৈরি হতে পারে।
লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নেতানিয়াহু রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জাতীয় ঐক্যের সরকারকে সম্ভাব্য পথ হিসেবে দেখছেন।
তাঁর বিশ্লেষণ অনুযায়ী, ইরানের সঙ্গে সীমিত পরিসরের একটি যুদ্ধ শুরু হলে আইজেনকোট ও তাঁর বিরোধী জোটকে জাতীয় সংকটের অজুহাতে নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
অর্থাৎ, যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে একই শিবিরে টেনে আনার সুযোগ তৈরি হতে পারে—এমনটাই মনে করছেন এই বিশ্লেষক।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষায় তিনি ইসরায়েলকে বিপর্যয়কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারেন। কেউ কেউ মনে করছেন, সরকার গঠনের প্রক্রিয়া দীর্ঘায়িত করে নতুন নির্বাচনের পথ তৈরিও তাঁর কৌশল হতে পারে।
কিন্তু বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে নেতানিয়াহুর বিরোধীরাও শেষ পর্যন্ত তাঁর পাশে দাঁড়াতে পারেন।
বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং Iranophobia বইয়ের লেখক হাগাই রামের মতে, বিষয়টি আপাতদৃষ্টিতে স্ববিরোধী। বিরোধীরা বুঝতে পারেন, যুদ্ধের উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু ইরানকে ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে উপস্থাপনের দীর্ঘদিনের প্রচারণা এমন এক জনমত তৈরি করেছে, যেখানে সামরিক সংঘাত শুরু হলে বিরোধীদের পক্ষেও সরকারের বিরুদ্ধে অবস্থান ধরে রাখা কঠিন হতে পারে।
রামের ব্যাখ্যায়, ইসরায়েলের বিরোধী শিবিরে থাকা সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকেই জীবনের বড় অংশ ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার প্রস্তুতিতে কাটিয়েছেন। ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হলে তাঁদের অনেকেই তাতে সমর্থন দিতে পারেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরিতা নতুন নয়। কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সরাসরি ও পরোক্ষ সংঘাত, পাল্টাপাল্টি হুমকি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে।
ইসরায়েলি নেতারা ১৯৯০-এর দশক থেকেই বিভিন্ন সময়ে দাবি করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে এবং তা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নেতানিয়াহুর বক্তব্যও দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যদিকে লেবাননের হিজবুল্লাহসহ ইরানের আঞ্চলিক মিত্রদের সামরিক সক্ষমতা ও ইসরায়েলবিরোধী বক্তব্য দেশটির জনগণের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাত আরও বিস্তৃত হয়। এর প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ নৌপথ, আন্তর্জাতিক বাজার ও জ্বালানি অর্থনীতিতে।
এই দীর্ঘ সংঘাতের অভিজ্ঞতা ইসরায়েলি সমাজে ইরানকে ঘিরে নিরাপত্তা-আতঙ্ক আরও গভীর করেছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মনোবিজ্ঞানী ড্যানিয়েল বার-তালের মতে, ইসরায়েলের জনমতের বড় অংশ নেতানিয়াহু ও তাঁর জোটের বিরোধী। পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও চলমান। ফলে তিনি রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি।
বার-তালের ধারণা, নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে ইসরায়েলি জনগণের একটি বড় অংশ তা সমর্থন করতে পারে। এমন পরিস্থিতি নেতানিয়াহুকে রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ দিতে পারে।
তবে তিনি মনে করেন, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনাকে ভেস্তে দিয়ে নেতানিয়াহুকে নতুন যুদ্ধ শুরু করতে দেবেন কি না, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অন্যদিকে হাগাই রামের বক্তব্যে ইসরায়েলি সমাজের একটি জটিল মনস্তাত্ত্বিক অবস্থার চিত্র পাওয়া যায়। তাঁর মতে, অনেকেই বুঝতে পারেন যে যুদ্ধের পক্ষে যুক্তি রাজনৈতিকভাবে তৈরি করা হতে পারে। তারপরও তাঁদের একটি অংশ সংঘাতকে অনিবার্য বলে মনে করেন। ফলে যুদ্ধ শুরু হলে তাঁরা আবারও সামরিক বাহিনীর নির্দেশ মেনে দায়িত্ব পালন করবেন।
নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ—দুটি বিষয় এখন একই আলোচনায় চলে এসেছে। বিরোধীদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার প্রশ্নকে সামনে এনে তিনি নিজের ক্ষমতা ধরে রাখার সুযোগ খুঁজছেন। বিশ্লেষকদের একাংশও মনে করছেন, যুদ্ধ শুরু হলে বিরোধী দলগুলোর ওপর সরকারের পাশে দাঁড়ানোর রাজনৈতিক চাপ তৈরি হতে পারে।
তবে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের সিদ্ধান্ত কেবল নেতানিয়াহুর রাজনৈতিক হিসাবের ওপর নির্ভর করবে না। যুক্তরাষ্ট্রের অবস্থান, ইসরায়েলি সামরিক নেতৃত্বের মূল্যায়ন, ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সব মিলিয়ে ইরানকে ঘিরে দীর্ঘদিনের নিরাপত্তা-আতঙ্ক ইসরায়েলের রাজনীতিতে একটি শক্তিশালী উপাদান। নেতানিয়াহু সেই আতঙ্ককে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছেন কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু নতুন যুদ্ধ শুরু হলে তার পরিণতি শুধু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিও নতুন করে অস্থিরতার মুখে পড়তে পারে।
যে সেনার ধমক খেয়েছিলেন, তাকেই পদক দিলেন পিট হেগসেথ
ফটিকছড়িতে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, অটোরিকশা জব্দ
ভারতীয় ট্যুরিস্ট ভিসা: আবেদন করতে যেসব কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখবেন
হুথিদের ‘সন্ত্রাসী’ ঘোষণা না করায় হতাশ ইয়েমেন
ইরানে গোয়েন্দা মন্ত্রণালয় এবং আইআরজিসি এক হচ্ছে
বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা