শর্ত দিয়ে নাভালনির মরদেহ দেখানো হয়েছে মাকে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ এএম

রাশিয়ার পুতিনবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ তার মা লিউডমিলাকে দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন নাভালনির মা। তবে নাভালনিকে কোথায়, কখন এবং কীভাবে কবর দেওয়া হবে তা নিয়ে শর্ত দেওয়া হচ্ছে।

নাভালনির মা লিউডমিলা বলেছেন, তাকে একটি মর্গে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যু সনদে সাক্ষর করেছেন। আইনগতভাবে তার ছেলের দেহ পরিবারের কাছে হস্তান্তর করারই কথা কর্মকর্তাদের। কিন্তু তা না করে তাকে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে।

লিউডমিলা নাভালনায়া জানান, কর্তৃপক্ষ তাকে হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমার চোখের দিকে তাকিয়ে তারা বলেছে, আমি যদি গোপনে মৃতদেহ দাফন করতে রাজি না হই তা হলে তারা আমার ছেলের লাশ নিয়ে কিছু একটা করবে। তারা কেবল আমাকে সমাধির কাছে নিয়ে যেতে চায় এবং বলতে চায় এখানে আপনার ছেলে রয়েছে।

নাভালনির মৃত্যুর কারণসংবলিত মেডিকেল রিপোর্ট স্ত্রী নাভালনায়াকে দেখানো হয়েছে। যেখানে প্রাকৃতিক কারণেই নাভালনির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে। যদিও নাভালনায়ার দাবি, রুশ কর্তৃপক্ষই পুতিনের নির্দেশে তার স্বামীকে হত্যা করেছে।

এদিকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সানফ্রান্সিসকোতে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া ও মেয়ে ডাশা নাভালনায়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ সাক্ষাতে দুর্নীতির বিরুদ্ধে ও গণতান্ত্রিক রাশিয়া প্রতিষ্ঠার লড়াইয়ে অ্যালেক্সেই নাভালনির সাহসী ভূমিকার প্রশংসা করেছেন বাইডেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বারবার অভিযোগ করেছেন, তার স্বামীর মৃত্যুর পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত। রুশ কর্তৃপক্ষ তাকে হত্যা করেছে।

৪৭ বছর বয়সী নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি। সূত্র: বিবিসি

MB/FI
আরও পড়ুন