গুরুতর আহত মোজতবা খামেনি, প্রয়োজন হতে পারে প্লাস্টিক সার্জারির

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’। প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার মুখমণ্ডল ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তার সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) মোজতবা খামেনির ঘনিষ্ঠ কর্মকর্তা এবং ইরানি রাজনীতিবিদ আবদোলরেজা দাভারির বরাত দিয়ে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

নিউইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে চালানো সেই ভয়াবহ বোমা হামলায় মোজতবা খামেনির শরীরের বিভিন্ন অংশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমার আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একটি বাহু অকেজো হওয়ার পথে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, তার মুখ ও ঠোঁট গভীরভাবে দগ্ধ হওয়ায় তিনি বর্তমানে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। এই জটিলতা কাটাতে চিকিৎসকরা প্লাস্টিক সার্জারির পরামর্শ দিয়েছেন।

মোজতবা খামেনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন আছেন, তা নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গোপন রাখা হয়েছে। তবে পেন্টাগন ও মোসাদের গোয়েন্দা নজরদারি এড়াতে তাকে কোনো আন্ডারগ্রাউন্ড বা সুরক্ষিত বাঙ্কারে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (যিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ) এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

শারীরিক অসুস্থতার কারণে মোজতবা খামেনি বর্তমানে ভিডিও বার্তা দেওয়া থেকে বিরত রয়েছেন। তার পক্ষ থেকে সকল নির্দেশনা এখন লিখিত আকারে পাঠানো হচ্ছে। 

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সাবেক সচিব আবদোলরেজা দাভারি জানান, মোজতবা বর্তমানে সরকারি সদস্যদের পরামর্শের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কার্যত এখন ইরানের সব নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জেনারেলরা। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য তা মোজতবার কাছে পাঠানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো লক্ষ্য করে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনেই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। ওই দিনই গুরুতর আহত হন মোজতবা, যাকে পরবর্তীতে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে ইরান।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত