ভারতের সামরিক শক্তির সর্বোচ্চ পদ ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাকে দেশের তিন প্রতিরক্ষা বিভাগ—স্থল, নৌ এবং বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করেছে।
এ পদে জেনারেল অনিল চৌহানের মেয়াদ এ মাসের ৩০ তারিখে শেষ হবে। এরপরই সুব্রামানি তার স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে এনডিটিভি। বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার পদে আছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এ পদে আছেন তিনি।
এর আগে ২০২৪ সালের এক জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি। তার আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ (জিওসি-ইন-সি) ছিলেন।
১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট দ্য গারওয়াল রাইফেলসের কমিশন প্রাপ্তির মধ্যে দিয়ে এন এস রাজা সুব্রামানির সামরিক জীবনের শুরু। ভারতীয় সেনাবাহিনীতে তার ক্যারিয়ারের বয়স ৪১ বছরেরও বেশি। দীর্ঘ এই কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন এন এস সুব্রামানি। সেই সঙ্গে বেশ কয়েকটি কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ এবং প্রশিক্ষক পদে অধিষ্ঠিত হয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল সুব্রামাানি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেছেন, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে নিয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস কান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি।
পেশাগত জীবনে ৪টি পদক পেয়েছেন এন এস রাজা সুব্রামানি— বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।
উল্লেখ্য, একই দিন অর্থাৎ গতকাল শুক্রবার ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। আগামী ৩১ মে থেকে কার্যকর হবে তার নিয়োগ। সূত্র: এনডিটিভি
বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত