চাপ দিয়ে লাভ নেই, ইরান নতি স্বীকার করবে না: আরাঘচি

আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করার এবং পরিকল্পিতভাবে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি ওয়াশিংটনের বর্তমান আচরণকে ‘বেপরোয়া’ হিসেবে অভিহিত করেছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক সমাধানের পথকে দুর্বল করছে এবং ‘বেপরোয়া সামরিক অভিযানের’ দিকে ঝুঁকে পড়ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এটি কি স্রেফ চাপ প্রয়োগের একটি অপরিণত কৌশল? নাকি আবারও কোনো বিশেষ পক্ষ মার্কিন প্রেসিডেন্টকে নতুন একটি সংকটে জড়িয়ে ফেলার চেষ্টা করছে?’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, বহিঃশক্তির কোনো হুমকিতেই তেহরান তাদের অবস্থান থেকে সরবে না। তিনি বলেন, ‘কারণ যাই হোক না কেন, ফলাফল হবে একই- ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করেনি এবং করবেও না।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত এখন এক চরম অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা শান্তি আলোচনার চেষ্টা করলেও উভয় পক্ষের অনমনীয় অবস্থানের কারণে তা ফলপ্রসূ হচ্ছে না। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে অস্থিরতার পারদ আরও চড়ছে, যা যেকোনো সময় বড় ধরণের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

FJ
আরও পড়ুন