গাজার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া সবাই মালকা পরিবারের সদস্য। ইসরায়েলি বোমাবর্ষণের সময় প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। ভবনটিতে কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষও আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারে টানা তৃতীয় দিনের মতো অভিযান চালায় উদ্ধারকারী দল। কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের নিচে মালকা পরিবারের ৬০ জনের বেশি মানুষের মরদেহ থাকার আশঙ্কা করা হয়েছিল। এখন পর্যন্ত অধিকাংশ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও কিছু দেহাবশেষের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া মরদেহগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে সম্মিলিত জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। এ কারণে গাজায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে আটকে থাকা বহু মানুষের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত