ওমানের দুকুম বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অভিযান জোরদার করার পর মঙ্গলবার (৩ মার্চ) ওমানের দুকুম বাণিজ্যিক বন্দর-এ ড্রোন হামলা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এতে একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর নেই।

ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দরের জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠানো হয়, যার মধ্যে একটি ট্যাংকে আঘাত হানে। ক্ষতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটি তিন দিনের মধ্যে একই বন্দরে দ্বিতীয় হামলা। গত রোববারও দুটি ড্রোন হামলায় এক শ্রমিক আহত হন; এক ড্রোন শ্রমিকদের আবাসনে আঘাত হানে এবং অন্যটির ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে পড়ে।

উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের লক্ষ্যবস্তু সম্প্রসারণের প্রেক্ষাপটে এ হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী ওমান চলমান যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এছাড়া, (সোমবার ২ মার্চ) রাজধানী মাসকাট উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির প্রধান ইঞ্জিন কক্ষে বিস্ফোরণে একজন নাবিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক।

সূত্র: ওমান নিউজ এজেন্সি

AS/AHA
আরও পড়ুন