তুরস্কের ভূখণ্ডের দিকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ভিত্তিহীন বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার (৪ মার্চ) তুরস্কের আকাশসীমার দিকে ধাবমান একটি ক্ষেপণাস্ত্র ন্যাটো (NATO) বাহিনী ধ্বংস করার দাবি করার পর তেহরান এই প্রতিক্রিয়া জানাল।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে এই দাবি অস্বীকার করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী ও বন্ধু দেশ তুরস্কের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তুরস্কের ভূখণ্ডের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আমরা দৃঢ়ভাবে অস্বীকার করছি।’
এর আগে বুধবার তুরস্কের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশপথ দিয়ে তুরস্কের আকাশসীমার দিকে আসছিল। তবে সেটি তুরস্কের সীমানায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়।
বিশ্লেষকদের মতে, গত সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কোনো ন্যাটো সদস্য দেশের আকাশসীমার দিকে ধাবমান ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি উঠল। যদিও ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে, তাদের অভিযানগুলো শুধুমাত্র নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ এবং প্রতিবেশী কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ইচ্ছা তাদের নেই।
৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
