ইরাকে অবস্থিত ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত ইউরোপীয় দেশ ইতালির একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই হামলার শিকার হলেও সেখানে থাকা ইতালীয় সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র হামলার কথা জানালেও পরবর্তীতে এক বিবৃতিতে তারা জানায় যে, এটি মূলত একটি ড্রোন হামলা ছিল। হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানানো হয়, ঘাঁটিতে নিয়োজিত ইতালীয় কর্মীদের মাঝে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং তারা সবাই নিরাপদ আছেন।

ঘাঁটির কমান্ডার কর্নেল স্তেফানো পিজোত্তি ইতালীয় সংবাদমাধ্যম স্কাই টিজি২৪-কে জানান, হামলার কয়েক ঘণ্টা আগেই আকাশপথের ঝুঁকির বিষয়ে সামরিক কর্মীদের সতর্ক করা হয়েছিল। সতর্ক সংকেত পাওয়ার পরপরই সকল সৈন্য বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন, যার ফলে বড় কোনো বিপর্যয় ঘটেনি। তিনি আরও জানান, বিশেষজ্ঞরা বর্তমানে ওই এলাকা পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন।

মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ড্রোনটি ইচ্ছাকৃতভাবে ইতালীয় ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়নি। বরং এটি নিয়ন্ত্রণ হারিয়ে বা উচ্চতা হারিয়ে দুর্ঘটনাবশত ঘাঁটির ওপর আছড়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলা কোথা থেকে চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে ইতালির প্রায় ৩০০ সৈন্য কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এরবিলে অবস্থান করছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে সৃষ্ট ঝুঁকির মুখে সম্প্রতি ওই ঘাঁটির সৈন্য সংখ্যা কমিয়ে আনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই এই হামলার ঘটনাটি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

FJ
আরও পড়ুন