উপসাগরীয় দেশগুলোর সর্বশেষ পরিস্থিতি

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোররাত থেকে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে কাতার, সৌদি আরব ও আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

উপসাগরীয় দেশগুলোর সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:

সৌদি আরব: ১৯টি ড্রোন ও মিসাইল ধ্বংস

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাত থেকে দেশটিতে কয়েক দফায় আকাশপথে হামলার চেষ্টা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী ১৬টি ড্রোন পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে এবং বাকি ৩টি অন্য এলাকা থেকে—মোট ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় আল-খারজ এলাকা লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও মাঝপথে ধ্বংস করা হয়েছে।

কাতার: আল-উদেইদ ঘাঁটিতে বিস্ফোরণ

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB) জানিয়েছে, কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদেইদ’-এ শনিবার সকালে বেশ কয়েকটি বড় ধরণের বিস্ফোরণ ঘটেছে। এর কিছুক্ষণ পর কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা দেশটিতে আঘাত হানতে যাওয়া একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।

কুয়েত: মার্কিন ঘাঁটিতে হামলার দাবি

ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, কুয়েতে অবস্থিত ‘মার্কিন দখলদার ঘাঁটিতে’ ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাত: দুবাইয়ের ভবনে ধ্বংসাবশেষের আঘাত

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে আসা একটি হামলা সফলভাবে প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরের কেন্দ্রস্থলের একটি ভবনের ওপর গিয়ে পড়ে। তবে এতে কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দুবাই মিডিয়া অফিস।

বাহরাইন ও ওমান

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাত ১টার পর পুরো দেশে বিপৎসংকেত বা সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ওমান থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

DR/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত