মে মাস পর্যন্ত ফ্লাইট বাতিল করলো শীর্ষ এয়ারলাইন্সগুলো

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার সংঘাতের জেরে লণ্ডভণ্ড হয়ে পড়েছে বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের প্রধান এভিয়েশন হাব হিসেবে পরিচিত দুবাই, দোহা এবং আবুধাবি বিমানবন্দরগুলো কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিনে কয়েক লাখ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে এপ্রিল ও মে মাস পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো।

গ্রিসের বৃহত্তম বিমান সংস্থা এজিয়ান এয়ারলাইন্স (Aegean Airlines) তাদের ফ্লাইট সূচিতে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আবিব, বৈরুত এবং আম্মান রুটে আগামী ২২ এপ্রিল পর্যন্ত তাদের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইরাকের এরবিল ও বাগদাদ রুটে আগামী ২৪ মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। সৌদি আরবের রিয়াদ রুটে ১৮ এপ্রিল এবং দুবাই রুটে ১৯ এপ্রিল পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করবে না তারা।

বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট পয়েন্ট দুবাই ও দোহা বিমানবন্দর অচল হয়ে পড়ায় এশিয়া ও ইউরোপের মধ্যকার আকাশপথে বড় ধরণের শূন্যতা তৈরি হয়েছে। এর প্রভাবে এয়ার কানাডা, এয়ার ফ্রান্স-কেএলএম এবং হংকং ভিত্তিক ক্যাথে প্যাসিফিকের মতো নামী এয়ারলাইন্সগুলোও মধ্যপ্রাচ্য অভিমুখী তাদের নিয়মিত সেবা স্থগিত করেছে। কোনো কোনো ক্ষেত্রে এই স্থগিতাদেশ আগামী মে মাস পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

আকস্মিক এই ফ্লাইট বাতিলের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার আন্তর্জাতিক যাত্রী। এয়ারলাইন্সগুলো আটকা পড়া যাত্রীদের ফিরিয়ে নিতে বিশেষ ‘রিপ্যাট্রিয়েশন’ বা উদ্ধারকারী ফ্লাইটের ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। অনেক যাত্রী এখন বিকল্প রুটে বা সমুদ্রপথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

DR/SN
আরও পড়ুন