মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাষ্ট্রের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন হারাকাত আল-নুজাবা।
দলটির সামরিক উপ-প্রধান আবদুল কাদির আল-কারবালাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, এই অঞ্চলের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো এখন তাদের ড্রোন এবং মিসাইলের নাগালে রয়েছে। 'চোখের বদলে চোখ' নীতি উল্লেখ করে তিনি জানান, ইরানকে লক্ষ্য করে যেকোনো মার্কিন হুমকির কড়া জবাব দেওয়া হবে। কারবালাইয়ের মতে, প্রতিরোধ যোদ্ধারা কেবল কথায় নয়, বরং কাজের মাধ্যমেই তাদের শক্তি প্রমাণ করতে প্রস্তুত।
এই উত্তজনা নতুন মাত্রা পায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ইরানকে একটি চরমপত্র দেন। ট্রাম্প তার বার্তায় জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোনো শর্ত ছাড়াই পুরোপুরি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেবে।
ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তর থেকেও পাল্টা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারা জানিয়েছে, ইরানের কোনো জ্বালানি স্থাপনায় আঘাত আসলে তারা এই অঞ্চলে থাকা মার্কিন ও ইসরায়েলি জ্বালানি কেন্দ্র, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা এবং পানি শোধন কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাবে।
সূত্র: আল মায়াদিন

