দুবাইয়ে ৫০০ মার্কিন সেনা লক্ষ্য করে ইরানের হামলা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ভয়াবহ ও পরিকল্পিত হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের যৌথ বিবৃতিতে এই হামলার তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল প্রায় ৫০০ মার্কিন সেনা। হামলার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে আহত সেনা ও উচ্চপদস্থ কমান্ডারদের দ্রুত অ্যাম্বুলেন্সে সরিয়ে নেওয়া হয়।

খাতাম আল-আনবিয়ার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি জানিয়েছেন, 'শক্তিশালী হামলার মুখে মার্কিন বাহিনী তাদের ঘাঁটি ত্যাগ করে দুবাইয়ের দুটি পৃথক স্থানে আশ্রয় নেয়। প্রথম আশ্রয়স্থলে ৪০০-এর বেশি এবং দ্বিতীয় স্থানে ১০০-এর বেশি সেনা অবস্থান করছিল।'

উভয় স্থানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জোলফাকারি দাবি করেছেন, হামলার ফলে 'প্রচুর ক্ষয়ক্ষতি' হয়েছে এবং কয়েক ঘণ্টা ধরে আহত সেনা ও কমান্ডাররা অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত হয়েছে।

ইরানের বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সামরিক কমান্ডারদের সতর্ক করে জানানো হয়েছে যে, এই অঞ্চল এখন 'মার্কিন সেনাদের কবরস্থান' হিসেবে রূপান্তরিত হতে পারে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আত্মসমর্পণই মার্কিন সেনাদের সামনে একমাত্র বিকল্প।

উল্লেখ্য, পারস্য উপসাগরের জলসীমায় আইআরজিসি অন্তত ছয়টি মার্কিন কৌশলগত নৌযানকে লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে। যদিও হামলার সময় কতজন নিহত বা আহত হয়েছেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ইরানের পক্ষ থেকে বহু মার্কিন সেনা হতাহত হওয়ার দাবি করা হয়েছে। সূত্র: প্রেস টিভি

AS/AHA
আরও পড়ুন