খোলার পথে হরমুজ প্রণালি, নিয়ন্ত্রণ থাকবে ইরানের 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ অবশেষে সীমিত পরিসরে খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। পাকিস্তানে অনুষ্ঠেয় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে নিয়ন্ত্রিতভাবে এই নৌপথটি সচল করা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে অনুষ্ঠেয় বৈঠকের রূপরেখা নিয়ে প্রাথমিক সমঝোতা হলে প্রণালিটি খুলে দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘যাতায়াতকারী সব জাহাজকে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় করতে হবে। আমরা সীমিত এবং আমাদের কঠোর নিয়ন্ত্রণে রেখেই এটি খোলার কথা ভাবছি।’

ইরানি ওই কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ হিসেবে অভিহিত করে বলেন, ‘ইরান সবসময় স্থায়ী শান্তি চায়। তবে যুক্তরাষ্ট্র যদি আবারও আগের আগ্রাসী পথে হাঁটতে চায়, তবে আমরা যুদ্ধে ফিরতে বিন্দুমাত্র ভয় পাব না।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। 

বিশ্বের মোট সমুদ্রজাত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথ বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায় এবং অনেক দেশ ভয়াবহ জ্বালানি সংকটে পড়ে। লোহিত সাগরের বিকল্প পথটিও ইরানের মিত্র হুতিদের নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা নেমে আসে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে দুই পক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সমঝোতারই ধারাবাহিকতায় এখন পাকিস্তানে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরণের স্বস্তি বয়ে আনবে, তবে এটি পুরোটাই নির্ভর করছে ১০ এপ্রিল ইসলামাবাদের শান্তি আলোচনার অগ্রগতির ওপর।

FJ
আরও পড়ুন