ট্রাম্পের কটাক্ষের মুখে অভিনেতার কড়া জবাব

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম

ইরান সংকট ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করায় এবার হোয়াইট হাউসের সরাসরি আক্রমণের শিকার হলেন হলিউড সুপারস্টার জর্জ ক্লুনি। ট্রাম্প প্রশাসন তাকে ‘ব্যর্থ অভিনেতা’ বলে কটাক্ষ করলে, অস্কারজয়ী এই তারকা অত্যন্ত মার্জিত কিন্তু কড়া ভাষায় তার জবাব দিয়েছেন।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’ এ পাঠানো এক বিবৃতিতে জর্জ ক্লুনি ট্রাম্পের আচরণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যখন সারা বিশ্বে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং বিশ্ব অর্থনীতি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন ‘শিশুসুলভ গালিগালাজ’ করার কোনো অর্থ হয় না। ক্লুনির মতে, এখন ব্যক্তিগত আক্রমণের সময় নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনের দিকে মনোযোগ দেওয়া জরুরি।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং ক্লুনিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, ক্লুনি তার ‘বাজে সিনেমা এবং নিকৃষ্ট অভিনয়ের’ মাধ্যমে আসলে যুদ্ধাপরাধ করছেন।

এর জবাবেই ক্লুনি মজার ছলে বলেন- আমাকে একজন ব্যর্থ অভিনেতা বলা হয়েছে, যার সাথে আমি সানন্দে একমত; বিশেষ করে ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ সিনেমায় আমার অভিনয়ের পর। তবে সিনেমার ব্যর্থতা আর যুদ্ধাপরাধ এক বিষয় নয়।

বিতর্কের সূত্রপাত হয় যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে হুমকি দেন যে, যুদ্ধবিরতির শর্ত না মানলে একটি আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। ইতালিতে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে ক্লুনি এর প্রতিবাদ করে বলেন, একটি আস্ত সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘যুদ্ধাপরাধের’ শামিল। তিনি স্পষ্ট জানান, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু শালীনতার একটি সীমা থাকা উচিত।

ট্রাম্পের সামরিক পদক্ষেপ ও আগ্রাসী মন্তব্যের বিরুদ্ধে কেবল ক্লুনিই নন, সরব হয়েছেন মার্ক রাফালো, জন কিউস্যাক ও স্টিফেন কিংয়ের মতো তারকারাও। তারা মনে করছেন, যুদ্ধের এই উত্তাল সময়ে প্রেসিডেন্টের ভাষা আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

SN
আরও পড়ুন