মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা করেছেন পাকিস্তান ও ইরানের শীর্ষ কূটনীতিকরা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক টেলিফোন আলাপে বর্তমান ‘আঞ্চলিক পরিস্থিতি’ এবং শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই আলাপচারিতায় ইরান-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক স্বার্থ গুরুত্ব পেয়েছে। আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে বিভিন্ন পক্ষের মধ্যে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা এবং আন্তরিক মধ্যস্থতা প্রচেষ্টার গভীর প্রশংসা করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার অবস্থানে অনড় থেকে পুনর্ব্যক্ত করেন যে, পাকিস্তান গঠনমূলক সংলাপে বিশ্বাসী। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান এবং অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য 'আলোচনা ও কূটনীতিই' একমাত্র কার্যকর পথ। পাকিস্তান আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে বলেও তিনি আরাগচিকে আশ্বস্ত করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা এবং ইরানের সাথে নিয়মিত যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র: আলজাজিরা
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ঝুঁকছে ট্রাম্প প্রশাসন