মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকির মুখে জার্মানির লুফথানসা

আপডেট : ০৬ মে ২০২৬, ০১:০৪ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে বড় ধরনের আর্থিক ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে জার্মানির শীর্ষ আকাশপথ পরিবহন সংস্থা লুফথানসা। বিশ্ববাজারে জ্বালানি তেলের (Jet Fuel) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের ফলে এই ঝুঁকির সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

লুফথানসা গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী তেলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিমানের জ্বালানি বা কেরোসিনের দামের ওপর। সংস্থাটি উল্লেখ করেছে, বর্তমানে লুফথানসার কোনো হাবে জ্বালানি সরবরাহে ঘাটতি না থাকলেও, বছরের শেষের দিকে তেলের প্রাপ্যতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমাদের আর্থিক পারফরম্যান্সের জন্য একটি বড় ঝুঁকি।

লুফথানসার এই সতর্কতা এমন এক সময়ে এল যখন গত সপ্তাহে মার্কিন এয়ারলাইনস ‘স্পিরিট এয়ারলাইনস’ দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি তেলের অত্যধিক মূল্যবৃদ্ধি স্পিরিট এয়ারলাইনসের পতনের অন্যতম প্রধান কারণ। লুফথানসাও এখন একই ধরনের সংকটের আশঙ্কা করছে, যা বৈশ্বিক বিমান পরিবহন খাতের জন্য একটি অশনিসংকেত।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই সংঘাত দীর্ঘায়িত হলে বিমান ভাড়ার ওপরও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন