ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এক নতুন ও চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি তাদের পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম আগামী ২০ বছরের জন্য স্থগিত রাখে, তবে ওয়াশিংটন তাতে সম্মতি দিতে পারে। তবে এই প্রতিশ্রুতি অবশ্যই ‘বাস্তবসম্মত’ এবং ‘বিশ্বাসযোগ্য’ হতে হবে বলে কঠোর শর্ত দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মনোভাব ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, ‘ইরান যদি আন্তরিকভাবে ২০ বছর পরমাণু কার্যক্রম থেকে দূরে থাকার অঙ্গীকার করে, তবে আমি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করব। ২০ বছর সময়টা যথেষ্ট দীর্ঘ। তবে তাদের দেওয়া নিশ্চয়তা অবশ্যই প্রকৃত এবং যাচাইযোগ্য হতে হবে।’
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধরনের নীতিগত পরিবর্তন। এর আগে ট্রাম্প বরাবরই দাবি করে আসছিলেন যে, ইরানকে স্থায়ীভাবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। তিনি একাধিকবার বলেছেন, তিনি এই সংকটকে ঝুলিয়ে রেখে ভবিষ্যতে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য কঠিন উত্তরাধিকার রেখে যেতে চান না।
তবে এখন ২০ বছরের সময়সীমার বিনিময়ে সমঝোতার প্রস্তাব আসায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। তেহরান এই প্রস্তাবকে কীভাবে গ্রহণ করবে বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এতে কীভাবে যুক্ত হবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে জল্পনা চলছে।
আমি আর বেশি ধৈর্য ধরবো না, ইরান প্রসঙ্গে ট্রাম্প