লেবাননে চলমান সামরিক অভিযান ঘিরে আবারও কড়া অবস্থান ব্যক্ত করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামির। তিনি দাবি করেছেন, ধারাবাহিক বিমান হামলা ও স্থল অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর ওপর 'অভূতপূর্ব ক্ষতি' আরোপ করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ লেবাননে মোতায়েন ডিভিশন ২১০–এর সেনাদের পরিদর্শনকালে দেওয়া বক্তব্যে জামির বলেন, ইসরায়েলের সামরিক অভিযান কোনো নির্দিষ্ট সীমারেখা বা তথাকথিত 'ইয়েলো লাইন' দ্বারা সীমাবদ্ধ থাকবে না। তার ভাষায়, যেখানে ইসরায়েল হুমকি অনুভব করবে, সেখানেই সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইসরায়েলি সেনাবাহিনী শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং নতুন নতুন এলাকায় কৌশলগতভাবে অভিযান বিস্তৃত করছে। অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধাপে ধাপে দুর্বল করে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইসরায়েলি সেনাপ্রধানের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা এখনো ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
জামিরের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি হামলা ও সীমান্ত উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং পুরো অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। সূত্র: আলজাজিরা