ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

মার্কিন-ইসরায়েলি তথ্য ব্যবহার করে ইরানে কয়েক ডজন বিমান হামলা চালায় আমিরাত

আপডেট : ৩০ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দেশটির একাধিক স্থাপনায় ডজনখানেক বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্য ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করা হয়। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউএইর তেল ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরান ইউএইর দিকে দুই হাজার আটশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, যা অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর জবাবে হরমুজ প্রণালির কেশম ও আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস এবং লাভান দ্বীপের তেল শোধনাগারসহ একাধিক স্থাপনায় হামলা চালানো হয় বলে দাবি করা হয়।

আরও বলা হয়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে আসালুইয়েহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলা চালায় ইউএই। ওই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে জ্বালানি স্থাপনায় হামলা সীমিত করার আহ্বান জানিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আসালুইয়েহ গ্যাস কমপ্লেক্সে হামলায় ইসরায়েল একাই জড়িত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধকালীন সময়ে ইউএই ও ইসরায়েলের নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়। এর অংশ হিসেবে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন এবং উচ্চপর্যায়ের সামরিক সমন্বয়ের তথ্যও উঠে আসে। এছাড়া ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের গোপন সফরের কথাও উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে ইউএইর আঞ্চলিক কূটনৈতিক অবস্থান নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে সৌদি আরব ও কাতারের সঙ্গে যৌথ প্রতিক্রিয়া গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায়।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত