সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনেইত্রা ও দারা প্রদেশের বিভিন্ন এলাকায় নতুন করে স্থল অনুপ্রবেশ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে বেসামরিক নাগরিক ও যানবাহনে তল্লাশি চালানোর পর তারা সেখান থেকে সরে যায়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, ইসরায়েলি সেনারা কুনেইত্রা প্রদেশের সাইদা আল-গোলান ও আল-বাসালি খামারের মধ্যবর্তী সড়কে প্রবেশ করে কয়েক ঘণ্টা ধরে পথচারী ও যানবাহনে তল্লাশি চালায়।
একই সময়ে পশ্চিম দারার ইয়ারমুক অববাহিকা অঞ্চলের মারিয়া শহরের পূর্ব প্রবেশপথেও একটি তল্লাশি চৌকি স্থাপন করে ইসরায়েলি বাহিনী। সেখানে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন এবং যাতায়াতকারী স্থানীয় বাসিন্দাদের তল্লাশি করা হয়।
মারিয়া শহরের মেয়র মুয়াফফাক মাহমুদ সানাকে জানান, প্রায় ১৫০ সেনাসহ চারটি ইসরায়েলি সামরিক যান শহরে প্রবেশ করে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জের কাছে একটি চেকপয়েন্ট স্থাপন করে। সেনারা কয়েক ঘণ্টা ধরে যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি চালালেও কাউকে আটক করেনি। পরে তারা এলাকা ত্যাগ করে।
সিরীয় কর্তৃপক্ষ এসব অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, এগুলো ১৯৭৪ সালের অনুপ্রবেশ আইনের-এর স্পষ্ট লঙ্ঘন। দামেস্কের অভিযোগ, ইসরায়েল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, গ্রেপ্তার অভিযান, বেসামরিক মানুষের ওপর হামলা, কৃষিজমি ধ্বংস এবং বিমান হামলা চালিয়ে আসছে।
সাম্প্রতিক এই অনুপ্রবেশ দক্ষিণ সিরিয়ায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। সূত্র: আলজাজিরা
ইরান যুদ্ধ থেকে লেবাননকে বিচ্ছিন্ন করতেই হামলা জোরদার করছে ইসরায়েল
দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ দখল করলো ইসরায়েল