হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্ত

আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৫৯ এএম

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি 'আপাচি' সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা দুই ক্রুকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হলেও এটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৮ জুন) হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনা ঘটলেও তা মঙ্গলবার (৯ জুন)  তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলেছে, বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রুকে নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন আছে সেটি স্পষ্ট করেনি মার্কিন সংবাদমাধ্যমটি।

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস আরও বলেছে, আপাচি হেলিকপ্টারটি কি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কি না সেটি এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

রোববার রাত থেকে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছিল। এ সময় উভয় পক্ষ মিসাইল ও পাল্টা মিসাইল হামলা চালায়। এরমধ্যেই হরমুজে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল।

সূত্র: নিউইয়র্ক টাইমস

AM/SN
আরও পড়ুন