খামেনির জানাজায় ২ কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষের ভিড় হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

আল-জাজিরার প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, রাজধানী তেহরানে শুধু স্থানীয় বাসিন্দাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এতে যোগ দিতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান ছাড়াও পবিত্র শহর কুম এবং মাশহাদে আলাদা করে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও ব্যাপক জনসমাগমের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

আলী খামেনি ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই তিনি নিহত হন বলে জানানো হয়েছে। ওই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিক জানাজার কার্যক্রম শুরু হবে। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান এবং সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুর পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন শহরে তার ছবি সংবলিত বড় বড় পোস্টার ও বিলবোর্ড টানানো হয়েছে।

মার্চ মাস থেকেই তার শেষকৃত্য ঘিরে সময়সূচি নিয়ে নানা আলোচনা চলছিল। ইসলামি শরিয়াহ অনুযায়ী সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে দাফনের নিয়ম থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আল-জাজিরা

NM/YA
আরও পড়ুন