'হরমুজে ইরানের নতুন শাসন ব্যবস্থা মানতেই হবে'

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা আরও তীব্র হওয়ার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা দিয়েছে তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখন হরমুজ প্রণালিতে ‘নতুন ইরানি ব্যবস্থা’ মেনে নিতেই হবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ‘প্রাথমিক জবাব’ হিসেবে তারা অঞ্চলে থাকা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সেই দাবির প্রতিক্রিয়ায় আজিজি বলেন, হরমুজ প্রণালিতে এখন নতুন বাস্তবতা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামনে সেটি স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ নেই।

তবে তিনি ‘হরমুজ প্রণালিতে নতুন ইরানি ব্যবস্থা’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে এমন বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, তেহরান যদি এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ বা প্রভাব আরও জোরালোভাবে প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়ে থাকে, তবে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন