হরমুজে দুই জাহাজের দিকে ইরানের ‘সতর্কতামূলক গুলি'

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এই পদক্ষেপ নিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদকের বরাতে বলা হয়, সোমবার (১৩ জুলাই) সকালে দুটি জাহাজ ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসির নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে সেগুলোকে থামিয়ে দেয়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাহাজ দুটি গুলি ছোড়ার পর তাদের যাত্রা বন্ধ করে। তবে জাহাজগুলোর পরিচয়, মালিকানা কিংবা সেগুলো কোন দেশের ছিল, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে গুলিবর্ষণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবরও জানানো হয়নি।

এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌচলাচলকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত রেখেছে, যার প্রভাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটিতে পড়ছে।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন