কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের লবণাক্ত পানি শোধনাগারে হামলাকে ‘রেড লাইন’ অতিক্রম বলে মন্তব্য করেছে কাতার। একই সঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি পারস্পরিক শ্রদ্ধার নীতিরও পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবেরও স্পষ্ট লঙ্ঘন। ওই প্রস্তাবে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা থেকে বিরত থাকার ওপর জোর দেওয়া হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াবে এবং চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগকে বাধাগ্রস্ত করবে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
দোহা অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এমন সব পদক্ষেপ থেকে বিরত থেকে সংলাপ ও আলোচনার পথে ফিরে আসাই বর্তমান সংকট নিরসনের একমাত্র কার্যকর উপায়। সূত্র: ডন
ইরানে মার্কিন হামলায় ১২ দিনে নিহত ৫০, আহত পাঁচ শতাধিক
ইসলামাবাদ সমঝোতা স্থগিত করলো ইরান
কুয়েতের তেল স্থাপনায় ইরানের ড্রোন হামলা