লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল আদায়ের পরিকল্পনা হুথিদের

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের পরিকল্পনা করছে হুথি বিদ্রোহীরা বলে অভিযোগ করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি দাবি করেন, ইরানের নির্দেশনায় হুথিরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলছে, যার মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায় করা হবে।

তিনি বলেন, সম্প্রতি পাওয়া নিশ্চিত গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিশেষজ্ঞ ও উপদেষ্টারা এই প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক কাঠামো তৈরিতে সরাসরি যুক্ত রয়েছেন।

ইরিয়ানি আরও অভিযোগ করেন, জাহাজ চলাচল থেকে আদায় করা অর্থ হুথিদের সামরিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের স্থায়ী উৎসে পরিণত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে শিপিং কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ সংগ্রহের জন্য পৃথক একটি সংস্থা গঠনের কাজও চলছে বলে দাবি করেন তিনি।

তবে ইয়েমেন সরকারের এ অভিযোগের বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন যাচাইও সম্ভব হয়নি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত