যুক্তরাষ্ট্রের ২০০০ পাউন্ডের বোমায় কেশম দ্বীপে যা হয়েছিলো

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

দক্ষিণ ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার পাউন্ড (প্রায় ৯০০ কেজি) ওজনের শক্তিশালী বোমা ব্যবহারের ঘটনায় একটি বেসামরিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হামলায় এক দম্পতি ও তাদের দুই বছরের সন্তান নিহত হওয়ার দাবি করেছে ইরান।

দ্য নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের ওই ঘটনায় পরিবারের আরও দুই সন্তান প্রাণে বেঁচে গেলেও আশপাশের প্রায় ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

ভিডিও ফুটেজ, স্যাটেলাইট ছবি ও ঘটনাস্থলের বিশ্লেষণের ভিত্তিতে পত্রিকাটি জানিয়েছে, বিস্ফোরণের গর্তের আকার থেকে ধারণা করা হচ্ছে হামলায় ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০০ কেজি ওজনের মার্ক-৮৪ ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমাগুলোর একটি।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ও স্থান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একজন মার্কিন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, ওই দিনের অভিযান আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ বিস্তৃত ছিল এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

নিউইয়র্ক টাইমসের তদন্তে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়ির আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না এবং হামলার পর ইরানও কোনো সামরিক হতাহতের তথ্য প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের ধ্বংসাবশেষ প্রায় ২০০ ফুট দূর পর্যন্ত ছিটকে পড়তে দেখা গেছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বেসামরিক হতাহতের অভিযোগ তারা খতিয়ে দেখছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনোই বেসামরিক মানুষকে লক্ষ্য করে আঘাত হানে না। তবে হামলার লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র কিংবা বেসামরিক সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত