ইয়েমেনের মোখা বন্দরে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফ্রাহ আল-জুবা। একইসঙ্গে দেশের নৌ-পথকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী জিম্মি করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আল-জুবা লেখেন, বাব আল-মান্দেব প্রণালি কোনো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর চাপ সৃষ্টির হাতিয়ার হতে পারে না। ইয়েমেন, তার সম্পদ এবং এর আন্তর্জাতিক নৌ-পথ কোনো অনির্দিষ্টকালের যুদ্ধের কাছে জিম্মি থাকবে না- যে যুদ্ধ মূলত ইরানের আঞ্চলিক এজেন্ডা পূরণ করে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি তৈরি করে।
এর আগে বুধবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অভিযোগ তোলে যে, বাব আল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের জোড়া হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোখা বন্দর ও পশ্চিম উপকূলে হুতি মিলিশিয়াদের ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মূল উদ্দেশ্য হলো ইয়েমেনি জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইনে আঘাত করা। লাল সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ-নিরাপত্তা প্রদান এবং নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার মতো রাষ্ট্রীয় সক্ষমতাকে বিনষ্ট করতে চায় তারা।
আল-জুবা আরও জোর দিয়ে বলেন, বিশ্ব বাণিজ্য রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইয়েমেনের নৌবাহিনী ও কোস্টগার্ডকে সর্বাত্মক সহায়তা ও শক্তিশালী করা এখন অত্যন্ত জরুরি। সূত্র: আল-জাজিরা
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প