ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপকে অবৈধ ও একতরফা আখ্যা দিয়ে তিনি বলেছেন, অন্য দেশগুলোকে ইরানের সঙ্গে সহযোগিতা থেকে বিরত রাখার মার্কিন প্রচেষ্টাও জাতিসংঘ সনদের লঙ্ঘন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক চিঠিতে আরাঘচি এসব কথা বলেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।
চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং তেহরানের সঙ্গে অন্য দেশগুলোর সহযোগিতা বন্ধে ওয়াশিংটনের চাপের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, নিজেদের সিদ্ধান্ত অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার এই প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একধরনের দাদাগিরি।
আরাঘচি জাতিসংঘকে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের নিন্দা ও প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সার্বভৌম সমতার অধিকারকে সম্মান করারও দাবি জানান তিনি।
জাতিসংঘের কাছে আরও কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কারণে ইরানে সৃষ্ট মানবিক ও মানবাধিকার পরিস্থিতির প্রভাব নিয়ে একটি প্রতিবেদন তৈরির দাবি রয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করেছেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
ইরান-চীন সম্পর্কে কারও অনুমতির প্রয়োজন নেই: গালিবাফ
ইরান যুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
'নিষেধাজ্ঞা ও হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক প্রযুক্তি বিশ্বমানের'