ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখার আহ্বানের পর এবার একই বার্তা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। তিনি বলেছেন, জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত করে, এমন যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ছয় মাসে গড়ানোর প্রেক্ষাপটে শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে এই মন্তব্য করেন রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতীয় ঐক্য ইরানের নিরাপত্তা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
রেজাই বলেন, ইরানের সর্বোচ্চ নেতা এরই মধ্যে নিরুৎসাহিত করার মতো বক্তব্য, কৃত্রিম বিভাজন এবং সামাজিক সংহতির জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তার মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে এসব নির্দেশনা সবার জন্য সুস্পষ্ট কৌশল হিসেবে বিবেচিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বর্তমানে ইরানের জাতীয় শক্তি ও নিরাপত্তার সবচেয়ে মৌলিক উপাদানগুলোর মধ্যে রয়েছে।
এর আগে শুক্রবার মোজতবা খামেনিও সামাজিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন। যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মধ্যে দেশের অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। রেজাইয়ের বক্তব্যকে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে।
ইরান বর্তমানে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের চাপ এবং অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞাজনিত অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। সাম্প্রতিক সময়ে দেশটির নেতৃত্ব অভ্যন্তরীণ ঐক্য, অর্থনৈতিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে একই কৌশলের অংশ হিসেবে তুলে ধরছে।
মোহসেন রেজাই গত ৯ আগস্ট ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধি হিসেবেও কাউন্সিলে নিয়োগ পান।
নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাইয়ের সাম্প্রতিক বক্তব্যগুলোতে জাতীয় নিরাপত্তা, যুদ্ধের প্রস্তুতি এবং দেশের অভ্যন্তরীণ সংহতির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এবারও তিনি জাতীয় ঐক্যকে শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং ইরানের জাতীয় শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। সূত্র: ডন
শত্রুর লক্ষ্য ব্যর্থ, ইরানই বিজয়ী: সেনাপ্রধান
ইরান যুদ্ধে মার্কিন রণতরীর অতিরিক্ত ব্যবহার, বাড়ছে সামরিক চাপ
আল্লাহর ইচ্ছায় শীঘ্রই শত্রুদের 'চমক' দেখাবে ইরান: প্রতিরক্ষামন্ত্রী