জাতীয় ঐক্যকে ইরানের প্রতিরক্ষা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মাজিদ ইবনে রেজা। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো দেশের শক্তি বৃদ্ধি, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা এবং এমন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা, যা শত্রুকে ইরানের বিরুদ্ধে কোনো ভুল হিসাব বা আগ্রাসী পরিকল্পনা থেকে বিরত রাখবে, বলে মন্তব্য করেন ইবনে রেজা।
তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জাতীয় ঐক্য। কোনো শত্রু ইরানকে লক্ষ্যবস্তু করলে তাদের সামনে একটি ঐক্যবদ্ধ জাতি দাঁড়াবে।
ইবনে রেজা আরও বলেন, শক্তিশালী ইরান গড়ে তুলতে কোনো প্রচেষ্টা বা ত্যাগ থেকে পিছপা হবে না তার মন্ত্রণালয়। দায়িত্ব কাঁধে থাকা পর্যন্ত এই লক্ষ্য থেকে সরে না যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
তার বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও অর্থনৈতিক চাপের মধ্যে ইরানের নেতৃত্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার ওপর জোর দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির শীর্ষ কর্মকর্তারাও জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ইবনে রেজা এর আগেও ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তার সাম্প্রতিক বক্তব্যেও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি এবং জাতীয় ঐক্যকে একই কৌশলের দুই গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। সূত্র: আলজাজিরা
'নেতৃত্ব ও জাতীয় ঐক্যের কারণেই যুদ্ধ ঠেকিয়েছে ইরান'
লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত
দক্ষিণ-পূর্ব ইরানে সন্ত্রাসী গোষ্ঠী আটক