ইরানের দক্ষিণাঞ্চলীয় কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে আঘাত হানা বোমাটি যুক্তরাষ্ট্রের তৈরি বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। বিস্ফোরণের পর উদ্ধার হওয়া বোমার ধ্বংসাবশেষ পরীক্ষা করে সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন, এর বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের তৈরি জেএসওডব্লিউ বোমার সঙ্গে মিলে যায়।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, সাবেক মার্কিন সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ প্রযুক্তিবিদ ধ্বংসাবশেষ পরীক্ষা করে এই মত দিয়েছেন। তার বিশ্লেষণ অনুযায়ী, পাওয়া অংশগুলোর বৈশিষ্ট্য জেএসওডব্লিউ বোমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এর আগে ইরান জানিয়েছিল, দক্ষিণাঞ্চলীয় কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার সময় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।
ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ওই এলাকায় সামরিক স্থাপনা, রাডার ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে অভিযান চালানোর কথা জানিয়েছে।
তবে হামলার স্থান থেকে উদ্ধার হওয়া অস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র বিশেষজ্ঞরা ঘটনাস্থলের ধ্বংসাবশেষকে যুক্তরাষ্ট্রে তৈরি নির্দেশিত গোলাবারুদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছেন; সম্ভাব্য অস্ত্র হিসেবে জেএসওডব্লিউ বা স্ল্যাম-ইআর-এর কথা উল্লেখ করা হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তীব্র হয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সূত্র: ডন
'অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে চরম পদক্ষেপ নিতে পারে তেহরান'
ইরানের প্রতি সমর্থনে চীনের সীমাবদ্ধতা
হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা হলে ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি