ইয়েমেনে তীব্র সংঘর্ষ, ২৪ ঘণ্টায় ৮০ হুথি যোদ্ধা নিহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

ইয়েমেনের তেল-গ্যাস সমৃদ্ধ কৌশলগত মারিব শহর দখলের লক্ষ্যে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নতুন আক্রমণ নস্যাৎ করে দিয়েছে দেশটির সরকারি বাহিনী। ইয়েমেনি সেনাসূত্রে জানা গেছে, মারিবের উপকণ্ঠে টানা ২৪ ঘণ্টার তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৮০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

ইয়েমেনি সেনাবাহিনীর সামরিক তথ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি জানিয়েছেন, যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় সেনাবহর মারিবের দক্ষিণাঞ্চলীয় হরিব, মালা’আ এবং উম রাইশ এলাকায় হুথিদের জোরালো আক্রমণ প্রতিহত করেছে। এ সময় সংঘর্ষে ৮০ জনেরও বেশি হুথি সদস্য মারা যায় এবং তাদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বিমান বাহিনী হুথিদের সামরিক রিইনফোর্সমেন্ট ও দুর্গ লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত এক দশকে যুদ্ধ ও নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা প্রায় ২০ লাখেরও বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র এই মারিব শহর। শহরটিতে গুরুত্বপূর্ণ তেল-গ্যাস ক্ষেত্র ও দেশের প্রধান বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ফলে বারবার চেষ্টা করেও হুথিরা এটি দখল করতে ব্যর্থ হয়েছে।

এদিকে সানা, আমরাণ ও হুদায়দাহসহ অন্যান্য এলাকায় শনিবার অন্তত ৫০ জন যোদ্ধার জানাজা সম্পন্ন করেছে হুথিরা। তবে সেন কর্মকর্তা আল-হাতেমির দাবি, হুথিরা প্রকাশিত খবরের চেয়েও প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৫০০ যোদ্ধা হারাচ্ছে এবং নিজেদের মনোবল ধরে রাখতে মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করছে।

অন্যদিকে, তাইজ প্রদেশেও সফল অভিযান চালিয়ে পশ্চিমের কৌশলগত নুমেন পর্বত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি সংলগ্ন লাহজ প্রদেশের কাহবুব পর্বতে হুথিদের ড্রোন হামলা ও আক্রমণ সফলভাবে নস্যাৎ করে দিয়েছে যৌথ বাহিনী।

বিশ্লেষকদের মতে, কাহবুব পর্বত দখল করতে পারলে বাব আল-মানদেব প্রণালিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের রাজধানী এডেনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পেত হুথিরা। এছাড়া আল-বায়দা প্রদেশেও হুথি সামরিক অবস্থানে সেনাবিমানের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।

সূত্র: আরব নিউজ।

এএম
আরও পড়ুন