যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত অবস্থায় ইরান আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটন আলোচনার পথ বেছে নেবে, নাকি যুদ্ধের—তা নিয়ে তেহরানের উদ্বেগ নেই। তবে যুক্তরাষ্ট্র ইরানের সাতটি ‘যৌক্তিক শর্ত’ মেনে নিলে সমঝোতার পথ খোলা থাকবে।
রোববার (১৫ নভেম্বর) পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ এসব কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের ইরানবিরোধী নীতির সমালোচনা করে বলেন, ওয়াশিংটন আবার কোনো ভুল করলে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক পরিস্থিতি নির্ধারণ করবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী।
ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেশটির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান গালিবাফ। দিবসটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘জনক’ হিসেবে পরিচিত মেজর জেনারেল হাসান তেহরানি মুকাদ্দামের শাহাদাতবার্ষিকীর সঙ্গে সম্পর্কিত।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সক্ষমতা ও অর্জনের প্রশংসা করে তিনি বলেন, ধর্মীয় আদর্শ ও কোরআনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এই বাহিনী অসম্ভবকে সম্ভব করেছে, হুমকিকে সুযোগে পরিণত করেছে এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
গালিবাফের ভাষ্য, এই বাহিনী ইরানের জনগণ, অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ এবং বিশেষ করে ফিলিস্তিনের নিপীড়িত শিশুদের মধ্যে আশা ও মর্যাদার অনুভূতি জাগিয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। তিনি বলেন, বেসেন্টের ‘অযৌক্তিক বক্তব্য ও অনৈতিক ভাষা’ আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের হতাশার প্রকাশ।
গালিবাফ আরও বলেন, যিনি সম্ভাব্য হুমকির ভয়ে নিজের বাড়ি ছেড়ে সামরিক বাঙ্কারে আশ্রয় নিয়েছেন, তাঁর উচিত পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কৌশলগত ব্যর্থতা নিয়ে ভাবা, অন্য জাতিকে অপমান করা নয়।
তবে ইরানের সাতটি শর্ত কী, সে বিষয়ে এই বক্তব্যে বিস্তারিত জানাননি গালিবাফ।
ফারসি কথাকে লেখায় রূপান্তরে এআই প্রযুক্তি উদ্ভাবন করলো ইরানি গবেষক
ভিক্ষার বকেয়া পরিশোধ করুন, নইলে ফকির থেকে বিচ্ছিন্ন
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ