রমজানে শত শত মুসলিমের অংশগ্রহণে উৎসবমুখর টাইমস স্কয়ার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পবিত্র রমজান উপলক্ষে টাইমস স্কয়ারে শুক্রবার রাতে ইফতার ও তারাবির জামাতে অংশ নেন শত শত মুসলমান। ব্রডওয়ে ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।

রমজানের পবিত্রতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছর এই আয়োজন করা হয়। সূর্যাস্তের পর মুসল্লিরা ইফতার গ্রহণ করেন এবং এশার নামাজের পর তারাবির জামাতে অংশ নেন। এ ধরনের আয়োজন ২০২২ সাল থেকে প্রতি বছর নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক মুসলিম আমেরিকান কনটেন্ট ক্রিয়েটর ওয়ে লাইফ এসকিউ জানিয়েছেন, কর্মসূচিতে প্রায় দেড় হাজার ইফতার প্যাকেট বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ভাষায় কোরআনের ১,২০০ কপি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনুষ্ঠানটি সরাসরি তুলে ধরেন, যা অনলাইন এবং সরেজমিনে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে অংশ নেওয়া মুসল্লিরা জানান, রমজানের রাতের ইবাদত ও তারাবির জামাতে অংশ নেওয়া তাদের জন্য আনন্দের। আয়োজকের ভাষ্য অনুযায়ী, ওই রাতে দুজন মার্কিন নাগরিক ইসলাম গ্রহণ করেন।

তবে আয়োজনের মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আয়োজক জানিয়েছেন, একজন অমুসলিম ব্যক্তি এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন এবং ইসলামবিদ্বেষী মন্তব্য করেন। উপস্থিত কয়েকজন তার আচরণ ভিডিওর মাধ্যমে ধারণের চেষ্টা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আয়োজনের অন্তর্ভুক্তিমূলক দিকটি তুলে ধরেছেন। বিশেষ করে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ব্যবহারকারীরা লিখেছেন, ইফতার বিতরণ সবার জন্য উন্মুক্ত ছিল এবং পথচারীরাও এতে অংশ নিতে পেরেছেন।

নিউইয়র্কে মুসলিমদের এ ধরনের জনসমাগমপূর্ণ আয়োজন নতুন নয়। বর্তমান মেয়রের দায়িত্ব নেওয়ার আগে সাবেক মেয়র এরিক এডামসের সময়ও টাইমস স্কয়ারে এমন কর্মসূচি অনুমোদিত হয়েছিল। এছাড়া বছরব্যাপী ওয়াশিংটন স্কয়ারস পার্কসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে রমজানের আয়োজন হয়ে আসছে।

নিউইয়র্ক সিটিতে বর্তমানে পাঁচ লাখের বেশি মুসলিম নিয়মিত রমজান পালন করছেন। ইসলামী বর্ষপঞ্জির সবচেয়ে পবিত্র এই মাসে তারা ইবাদত, দান ও সংযমের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

AS/AHA
আরও পড়ুন