ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

ইরানের দক্ষিণ পার্স (South Pars) গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার পর পাল্টা জবাবে ইরান যদি কাতারের জ্বালানি স্থাপনায় পুনরায় আঘাত হানে, তবে দেশটিকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, কাতার আক্রান্ত হলে ইরানের পুরো গ্যাস ফিল্ড ‘ব্যাপকভাবে উড়িয়ে দেওয়া’ হবে।

পোস্টে ট্রাম্প স্পষ্ট করে বলেন, দক্ষিণ পার্স ফিল্ডে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার আগে থেকে কিছুই জানত না। তবে তিনি একটি শর্ত দিয়েছেন- ইরান যদি ‘সম্পূর্ণ নির্দোষ’ কাতারের ওপর নতুন করে কোনো হামলা না চালায়, তবে ইসরায়েলও ওই গ্যাস ফিল্ডে আর কোনো আক্রমণ করবে না।

কিন্তু কাতার যদি পুনরায় আক্রান্ত হয়, তবে ইসরায়েলের সাহায্য ছাড়াই যুক্তরাষ্ট্র এককভাবে এমন প্রচণ্ড শক্তিতে হামলা চালাবে যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্প উল্লেখ করেন, তিনি ইরানের দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞ চান না, তবে কাতারের জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবেন না।

এই সংকটের শুরু হয় গত বৃহস্পতিবার, যখন বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান 'কাতার এনার্জি' জানায় যে তাদের স্থাপনায় মিসাইল হামলা হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে জানায়, রাস লাফান (Ras Laffan) ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

মূলত বুধবার (১৮ মার্চ) ইরানের বৃহত্তম দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার পর ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছিল। উল্লেখ্য, এই দক্ষিণ পার্স ফিল্ডটি ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানির প্রধান উৎস। সূত্র: দ্য গার্ডিয়ান

SN
আরও পড়ুন