মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিয়ে খোদ আমেরিকার অভ্যন্তরেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রায় ৯২ শতাংশ নাগরিকই মনে করেন, ইরান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করা প্রয়োজন। তারা বিষয়টিকে কেবল সমর্থনই করছেন না, বরং অত্যন্ত ‘জরুরি’ বলে মনে করছেন।
সিবিএস নিউজ এবং ইউগভ (YouGov) যৌথভাবে গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর এই অনলাইন জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে দেখা গেছে, যুদ্ধের যৌক্তিকতা নিয়ে মার্কিন নাগরিকদের মনে গভীর সংশয় রয়েছে।
জরিপে অংশ নেওয়াদের ৮০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন। অপরদিকে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত বিভক্ত। ৪৯ শতাংশ মানুষ ইরানপন্থি নেতৃত্ব চান, অন্যদিকে ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না। দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি ইচ্ছাকৃত।
এ ছাড়া জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ। প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এ ছাড়া ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এটাকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ এবং ৩৪ শতাংশ ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন।
নিউইয়র্কে রানওয়েতে বিমান ও ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত
