কুয়েতে অজানা হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সঙ্গে ইরানের চলমান যুদ্ধে কুয়েতে চালানো এক হামলায় একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম। শুক্রবার (৩ এপ্রিল) চালানো এই হামলার পর প্রকাশিত একাধিক ছবির মাধ্যমে ঘটনাটি সামনে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির ছবি প্রকাশের পর হামলার বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে হামলাটি সরাসরি ইরান পরিচালনা করেছে, নাকি ইরান–সমর্থিত কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো সাম্প্রতিক সময়ে ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান ছাড়াও ইরান–সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো এসব ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে একই দিনে রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনেই একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আইআরজিসি এই দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য একটি ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত