ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধান নয়, বরং কেবল একটি ‘সাময়িক বিরতি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
বুধবার (৮ এপ্রিল) পেন্টাগনে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে পুনরায় পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার জন্য মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে জেনারেল কেইন দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। দেশটির নৌবহর এবং অস্ত্র কারখানার ৯০ শতাংশেরও বেশি বর্তমানে অকেজো বলে উল্লেখ করেন তিনি।
জেনারেল কেইন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ইরানের পক্ষে তাদের প্রধান নৌ-যুদ্ধজাহাজগুলো পুনরায় তৈরি বা সচল করতে এখন কয়েক বছর সময় লেগে যাবে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন সামরিক কৌশলে বা প্রস্তুতিতে কোনো শিথিলতা আনা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সেনারা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। যদি হোয়াইট হাউস থেকে আদেশ আসে, তবে যেকোনো মুহূর্তে আমরা আবারও সরাসরি কম্ব্যাট অপারেশন বা আকাশ হামলা শুরু করতে সক্ষম।’
একই অনুষ্ঠানে উপস্থিত প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারাও এই অবস্থানকে সমর্থন করেন। সূত্র: মিডল ইস্ট আই
ইরানের প্রতি ‘ক্ষমা’ দেখিয়েছেন ট্রাম্প: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুদ্ধবিরতি ভেঙে ইরানের তেল শোধনাগারে হামলা
মধ্যপ্রাচ্যের ৩ দেশে ইরানের পাল্টা হামলা
