মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও-র মধ্যে চলমান বাক্যযুদ্ধের মধ্যে কিছুটা বরফ গলা শুরু হয়েছে।
ট্রাম্পের কড়া সমালোচনার জবাবে পোপ লিও জানিয়েছেন, তার সাম্প্রতিক বক্তব্যগুলো নির্দিষ্টভাবে ট্রাম্পকে আক্রমণ করে বলা হয়নি। পোপের এই নমনীয় অবস্থানকে স্বাগত জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সম্প্রতি ক্যামেরুন সফরে পোপ লিও বলেছিলেন, বিশ্ব বর্তমানে 'মুষ্টিমেয় কয়েকজন স্বৈরাচারী' দ্বারা বিপর্যস্ত। অনেকেই ধরে নিয়েছিলেন, পোপ এখানে পরোক্ষভাবে ট্রাম্পকে ইঙ্গিত করেছেন। বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে পোপের নেতিবাচক মন্তব্যের পর এই ধারণা আরও জোরালো হয়। তবে গত শনিবার পোপ স্পষ্ট করেন যে, ওই ভাষণটি দুই সপ্তাহ আগে লেখা হয়েছিল এবং ট্রাম্পের সাথে বিতর্কে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই।
পোপের এই মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ভ্যান্স লিখেন, 'আমি পোপ লিও-র কাছে কৃতজ্ঞ। সংবাদমাধ্যম সবসময় সংঘাত তৈরি করতে চায়, যদিও বাস্তব পরিস্থিতি অনেক জটিল। পোপ ধর্মপ্রচার করেন এবং নৈতিক বিষয়ে মত দেন, যা তার দায়িত্ব। আর আমাদের প্রশাসন সেই নৈতিক মূল্যবোধগুলো এক কঠিন পৃথিবীতে প্রয়োগ করার চেষ্টা করে।' সূত্র: আল জাজিরা
ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু বলিনি: পোপ লিও
ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, ছাড় দেবে না তেহরান